খরচ কম হওয়ায় প্রতি হাজীকে ৪ হাজার আফগানি করে ফেরত দেবে তালেবান সরকার

এ বছর অন্তত ২ লাখ ৮০ জন আফগান নাগরিক হজ পালনের সৌভাগ্য অর্জন করেছেন এবং সকলেই হজব্রত পালন শেষে নিরাপদে দেশে ফিরে এসেছেন।হজে খরচ কম হওয়ায় অবশিষ্ট অর্থ হাজীদের ফেরত দেয়ার সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তানের তালেবান সরকার। দেশটির হজ ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) জিও নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, এর ফলে প্রত্যেক হাজী অন্তত তিন হাজার ৯৩৬ আফগানি করে ফেরত পাবেন।

সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ নুর মোহাম্মদ সাকিব কাবুলে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে জানান, এ বছর আফগানিস্তানের হজ বাজেট ছিল ৮২৭ কোটি ৮০ লাখ আফগানি। সেখান থেকে ১ কোটি ১০ লাখেরও বেশি আফগানি অবশিষ্ট রয়েছে। সেগুলোই হাজীদের ফেরত দেয়া হবে। তিনি বলেন, সদ্যই হজ থেকে ফেরা প্রত্যেক আফগান হাজীকে তিন হাজার ৯৩৬ আফগানি করে ফেরত দেয়া হবে। এ বছর অন্তত ২ লাখ ৮০ জন আফগান নাগরিক হজ পালনের সৌভাগ্য অর্জন করেছেন এবং সকলেই হজব্রত পালন শেষে নিরাপদে দেশে ফিরে এসেছেন। (মাহমুদুল হাসান)