চার দফা বাড়ার পর ভরিতে ২১৫৮ টাকা কমল স্বর্ণের দাম

টানা চার দফা বাড়ার পর আজ দেশের বাজারে কমল স্বর্ণের দাম। ২ হাজার ১৫৮ টাকা কমে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ হয়েছে ২ লাখ ৪৫ হাজার ৮১৯ টাকা। আজ সকালে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর হচ্ছে। বিজ্ঞপ্তিতে বরাবরের মতোই বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমেছে। এ পরিস্থিতিতে মূল্যবান ধাতু পণ্যটির দাম সমন্বয় করা হয়েছে।

প্রাপ্ত তথ্যানুযায়ী, দেশের বাজারে সবচেয়ে ভালোমানের ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিপ্রতি পড়ছে ২ লাখ ৪৫ হাজার ৮১৯ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ১ হাজার ১৪৬ ও সনাতন পদ্ধতির ভরিপ্রতি স্বর্ণের দাম ১ লাখ ৬৩ হাজার ৮২১ টাকা নির্ধারণ করা হয়েছে।

সর্বশেষ ১ এপ্রিল স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। ওই সময় ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা নির্ধারণ হয়েছিল।

এ নিয়ে চলতি বছরে দেশের বাজারে ৫২ বার স্বর্ণের দাম বেড়েছে বা কমেছে। এর মধ্যে ৩০ দফা দাম বাড়ানো হয়েছে। আর কমানো হয়েছে ২২ দফা। গত বছর মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল বাজুস। তখন ৬৪ বার বেড়েছিল ও ২৯ বার কমেছিল।

স্বর্ণের পাশাপাশি আজ রৌপ্যের দামও কমিয়েছে বাজুস। ভরিতে ১৭৫ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি রৌপ্যের দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৫৪০ টাকা। এছাড়া ২১ ক্যারেট ৫ হাজার ৩০৭ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৫৪৯ এবং সনাতন পদ্ধতির ভরিপ্রতি রৌপ্যের দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৩৮৩ টাকা।

চলতি বছরে ৩১ দফায় রৌপ্যের সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে বেড়েছে ১৭ বার ও কমেছে ১৪ বার। অন্যদিকে ২০২৫ সালে পুরো বছর মিলিয়ে ১৩ বার সমন্বয় করা হয়েছিল। ওই সময় রৌপ্যের দাম বেড়েছিল ১০ বার ও কমেছিল ৩ বার। (ডেস্ক রিপোর্ট)।