ট্রাম্পের কঠোর হুমকির পর বেড়েছে জ্বালানি তেলের দাম

ইরান ও দেশটির অবকাঠামো ধ্বংসে নতুন করে কঠোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এ হুমকির পর আজ প্রাথমিক লেনদেনে অপরিশোধিত জ্বালানি তেলের দাম হঠাৎ বেড়ে গেছে।

অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্টের দাম ২ শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ১১১ ডলার ২৫ সেন্টে পৌঁছেছে। আর মার্কিন আদর্শ ডব্লিউটিআইয়ের দাম প্রায় ৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ব্যারেলপ্রতি ১১৪ ডলার ৫৪ সেন্টে।

এর আগে সর্বশেষ ২০২২ সালের গ্রীষ্মে ইউক্রেনে রাশিয়ার হামলার পর এবং বিশ্বজুড়ে উচ্চ মূল্যস্ফীতির সময় জ্বালানি তেলের দামে এতটা ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়। তখন মার্কিন অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১১৫ ডলারের ওপরে উঠেছিল।

নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রুথ সোশ্যালে গতকাল ট্রাম্প জানান, ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুগুলোয় হামলা চালাবেন। সতর্ক করেন যে মঙ্গলবারের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেয়া না হলে দেশটি ‘নরকের মতো পরিস্থিতিতে’ বসবাস করবে।

সূত্র: এপি

(ইন্টারন্যাশনাল ডেস্ক)।