দ্বিতীয় টেস্টে তারকা খেলোয়াড়কে বাদ দিয়ে বাংলাদেশ দল ঘোষণা

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষটির জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দল থেকে বাদ পড়েছেন তারকা ক্রিকেটার। এই একটি পরিবর্তন ছাড়া ঢাকা টেস্টের বাকিরা রয়েছেন সেই দলে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতে এ স্কোয়াড ঘোষণা করা হয়। ঘোষিত স্কোয়াডে ঢুকেছেন পেসার খালেদ আহমেদ। তাকে জায়গা দিতে বাদ পড়েছেন পেসার তাসকিন আহমেদ। প্রথম টেস্টে দলে থাকলেও একাদশে সুযোগ পাননি তাসকিন। এবার দল থেকেই বাদ পড়লেন এই পেসার।

দলীয় সূত্র জানিয়েছে, আগামী মাসের শুরুতে শারজায় আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ সামনে রেখে বিশ্রাম দেয়া হয়েছে তাসকিনকে।

আগামী ২৯ অক্টোবর শুরু হবে চট্টগ্রাম টেস্ট। এই ম্যাচটি বাংলাদেশের জন্য ডু অর ডাই। কেননা ম্যাচটি হারলে হোয়াইটওয়াশের লজ্জা পাবে টাইগাররা।

চট্টগ্রাম টেস্ট দল

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), শাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মাহমুদ, নাহিদ রানা, হাসান মুরাদ ও খালেদ আহমেদ।(মোঃ আব্দুল বাতেন)