বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে ভারতের দিল্লি। এদিন দূষণ মাত্রার দিক থেকে তালিকায় ১২তম অবস্থানে রয়েছে ঢাকা। আজ রবিবার সকালের দিকে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এই তথ্য জানা গেছে।তালিকার শীর্ষে অবস্থান করা দিল্লির বায়ুর মানের স্কোর হচ্ছে ১৭৩, অর্থাৎ সেখানকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকাথাইল্যান্ডের চিয়াং মাই শহর। শহরটির স্কোর হচ্ছে ১৬৯ অর্থাৎ এখানকার বায়ুর মানও খুবই অস্বাস্থ্যকর। এ ছাড়া ১৬৮ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে নেপালের রাজধানী কাঠমান্ডু, সমান স্কোর নিয়ে পরের অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর শহর এবং পঞ্চম অবস্থানে থাকা কাতারের রাজধানী দোহার স্কোর ১৬২।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।(মাহবুবুল ইসলাম)