কুড়িগ্রামে জেলা আওয়ামী লীগের ভেঙে ফেলা পার্টি অফিসের টিনের বেড়ায় দলের ব্যানার লাগিয়ে জাতীয় পতাকা উত্তোলন করে স্লোগান দেয় কয়েকজন ছাত্রলীগ কর্মী।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে জেলা শহরের শাপলা চত্বর এলাকায় আওয়ামী লীগের জেলা কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এ সময় নিজেরাই তাদের কার্যক্রম মোবাইলে ভিডিও করে দ্রুত স্থান ত্যাগ করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে সাতটার দিকে কয়েকজন যুবক কার্যালয়টিতে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং ‘বাংলাদেশ আওয়ামী লীগ, কুড়িগ্রাম জেলা কার্যালয়’ লেখা একটি ব্যানার টাঙিয়ে দলীয় স্লোগান দেন। অল্প সময়ের মধ্যেই তারা ঘটনাস্থল ত্যাগ করেন। এ ঘটনা ছড়িয়ে পড়লে বুধবার দুপুরের দিকে আওয়ামী লীগের পার্টি অফিসের বেড়া আবারও ভাঙচুরের পর অগ্নিসংযোগ করে ছাত্রজনতা।
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রামের সিনিয়র সদস্য সচিব সাজ্জাদ হোসাইন বলেন, ‘আওয়ামী লীগকে আর এলাকায় ফিরতে দেওয়া হবে না। তাদের পরিত্যক্ত ও ভাঙা কার্যালয় উচ্ছেদ করা হয়েছে এবং এখানে দ্রুত জনগণের জন্য ফ্রি শৌচাগার নির্মাণ করা হবে।’
এ বিষয়ে কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, এ বিষয়ে কিছুই জানা নেই। খোঁজ খবর নেওয়া হচ্ছে বলে জানান তিনি। (অনলাইন ডেস্ক)