প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টার দায়িত্ব বণ্টন, প্রজ্ঞাপন জারি

মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নিয়োগ পাওয়া প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টার মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত তথ্য মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়। রুলস অব বিজনেস অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমান এই দায়িত্ব বণ্টন করেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, মন্ত্রীর পদমর্যাদায় দায়িত্ব পাওয়া উপদেষ্টাদের মধ্যে মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান এবং রুহুল কবীর রিজভী আহমেদকে রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া মো. ইসমাইল জবিউল্লাহকে জনপ্রশাসন এবং রাশেদ আল মাহমুদ তিতুমীরকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নিয়োগ পাওয়া উপদেষ্টাদের মধ্যে হুমায়ুন কবিরকে পররাষ্ট্র, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। শামসুল ইসলাম (ব্রিগেডিয়ার জেনারেল অব.) পেয়েছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব। জাহেদ উর রহমানকে পলিসি অ্যান্ড স্ট্যাটেজি বিষয়ক দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া মাহাদি আমিনকে শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। রেহান আসিফ আসাদ পেয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব।

এর আগে, ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় এই ১০ জনকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়। তার আগে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন এবং একই সঙ্গে ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী শপথ গ্রহণ করেন। (ডেস্ক রিপোর্ট)।